স্টাফ রিপোর্টার :
মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো. জিয়াউদ্দিন জিয়া।
জিয়াউদ্দিন জিয়া বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে। তাই মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মোহনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জিয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয়ভাবে জনসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁর দাবি, স্থানীয় মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
নির্বাচনী পরিকল্পনার বিষয়ে জিয়াউদ্দিন জিয়া বলেন, নির্বাচিত হলে মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেবেন। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তাঁর মতে, আইন তৈরি ও প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া টেকসইভাবে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা কঠিন।
জিয়াউদ্দিন জিয়া মাদকমুক্ত সমাজ গঠনে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।